গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, ঘণ্টার মধ্যেই ছাত্রদল নেতা বহিষ্কার - Meghna News 24bd

সর্বশেষ


Monday, March 30, 2026

গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, ঘণ্টার মধ্যেই ছাত্রদল নেতা বহিষ্কার



লালমনিরহাট প্রতিনিধি :

গণভোটের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যেই লালমনিরহাটের আদিতমারী সরকারি কলেজ ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা রাকিবুল হাসান আদিতমারী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন এবং জুলাইয়ের আন্দোলনের সক্রিয় অংশ নিয়েছিলেন।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমরুল হাসান মোল্লার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। একই সঙ্গে তার সঙ্গে দলের অন্যান্য নেতাকর্মীদের যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।



জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে “MD Rakibull Hasan” নামের ফেসবুক আইডি থেকে “টালবাহানা না করে গণভোটের রায় বাস্তবায়ন করেন” শীর্ষক একটি পোস্ট দেওয়া হয়। পোস্ট দেওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যেই জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর খানের অনুমোদনে তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ জারি করা হয়।

রাকিবুল হাসান দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিশেষ করে জুলাই মাসের রক্তিম আন্দোলনে জেলা শহর ও আদিতমারীতে তিনি সামনের সারিতে সক্রিয় ভূমিকা পালন করেন।

এছাড়া ২০২২ সালে বিএনপির আন্দোলনে অংশ নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হাতে হামলার শিকার হয়েছিলেন বলেও জানা গেছে।

স্বৈরাচার বিরোধী বিভিন্ন আন্দোলনে দলীয় কর্মসূচি ও সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন তিনি।

বহিষ্কার প্রসঙ্গে রাকিবুল হাসান বলেন, “স্কুল জীবন থেকেই বিএনপির রাজনীতির প্রতি আমার আগ্রহ। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে দলের অবস্থান আমাকে আকৃষ্ট করেছে। দশম শ্রেণি থেকেই ছাত্রদলের সঙ্গে যুক্ত আছি। জুলাইয়ের আন্দোলনে আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি চাই এসব ঘটনার বিচার হোক এবং দেশের মানুষের জন্য গণভোট বাস্তবায়ন করা হোক। শুধু একটি পোস্ট দেওয়ার কারণেই আমাকে বহিষ্কার করা হয়েছে।”

Post Bottom Ad

Responsive Ads Here

Pages