আশুলিয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা! - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, April 15, 2026

আশুলিয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা!



​আশুলিয়া (ঢাকা)প্রতিনিধি :

আশুলিয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে ফয়সাল মোল্লা (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। বুধবার (১৫ এপ্রিল) দুপুর ৩টার দিকে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​নিহত ফয়সাল মোল্লা আশুলিয়া ইউনিয়ন এর হুমায়ুন মোল্লার ছেলে। এই ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

​নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীখন্ডিয়া এলাকার একটি হাউজিং প্রকল্পে দীর্ঘদিন ধরে বহিরাগতদের দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বিপু ও মাসুদ নামে দুই ব্যক্তি। ফয়সাল মোল্লা এই মাদক ব্যবসার প্রতিবাদ করে আসছিলেন। এরই একপর্যায়ে মাদক বিক্রি বন্ধ করতে তিনি বিপুর মোবাইল ফোন কেড়ে নিয়েছিলেন, যা পরে ফেরতও দেওয়া হয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিপু ফোনে ফয়সালের বাবাকে হুমকি দিয়ে বলেছিল যে সে ফয়সালকে মেরে ফেলবে। আজ বিকেলে সেই হুমকির জেরে বিপুর নেতৃত্বে একদল সন্ত্রাসী ফয়সালকে একা পেয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করা হলে দেখা যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

পুত্রের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা হুমায়ুন মোল্লা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমার ছেলে মাদক ব্যবসায় বাধা দিয়েছিল বলেই তাকে মরতে হলো। বিপু আমাকে আগে থেকেই হুমকি দিচ্ছিল। আমি আমার সন্তান হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।"

​খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

​আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, "হত্যাকাণ্ডের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছি। জড়িতদের চিহ্নিত করা হয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।"

Post Bottom Ad

Responsive Ads Here

Pages