কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শ্রীয়াং গ্রামের মিয়াজিবাড়ির জামে মসজিদের টয়লেট থেকে অটোরিকশাচালক মোর্শেদের মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৯ মার্চ ) বিকেলে লাকসাম থানার উপপরিদর্শক মংচাই মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ওই আসামির নাম হাবিবুর রহমান সবুজ (৩১)। তিনি মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের মান্দারগাঁও গ্রামের বাসিন্দা।
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মংচাই মারমা জানান, গত ২২ মার্চ সকাল ৬টার দিকে সবুজ অটোরিকশা চালক মোর্শেদকে মোবাইলে কল দেওয়া হয় পোমগাঁও বাজারে আসার জন্য। সেখানে এসে ১৫ শ টাকা ভাড়ায় সারাদিনের জন্য কথা বলে তাকে নেয় অভিযুক্ত সবুজ। সারা দিন তারা উপজেলার বেরনাইয়া বাজার, লক্ষণপুর বাজার, মনোহরগঞ্জ বাজারসহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। পরে একপর্যায়ে লাকসাম উপজেলার শ্রীয়াং গ্রামের মিয়াজি বাড়ির মসজিদের সামনে গিয়ে অটোরিকশাচালক মোর্শেদের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে মসজিদের টয়লেট ভেতরে ফেলে যায়।
পরে নিহতের বাবা মোস্তফা কামাল খন্দকার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুলিশ পোমগাঁও বাজার থেকে ঘটনাস্থলে যাতায়াতের বিভিন্ন রাস্তা ও বাজারে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আসামি সবুজকে শনাক্ত করা হয়।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মংছাই মারমার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম শনিবার (২৮ মার্চ) অভিযান চালিয়ে ঢাকা জেলার আশুলিয়া থানার ডেনদাবর এলাকা থেকে হাবিবুর রহমান সবুজকে গ্রেপ্তার করে।
