প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ - Meghna News 24bd

সর্বশেষ


Friday, November 20, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

 


মাসুদ রানা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান এবং একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
শৈশব ও শিক্ষাজীবন
তারেক রহমানের শিক্ষাজীবনের হাতেখড়ি হয় ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে। তৎকালীন ইংরেজি মাধ্যমের এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। স্নাতক পর্যায়ে তিনি আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগকে বেছে নেন। বিশ্ববিদ্যালয় জীবনে রাষ্ট্র ও রাজনীতির তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি মা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলনের উত্তাল পরিবেশ তাঁকে সরাসরি রাজনীতির প্রতি আকৃষ্ট করে।
রাজনৈতিক পথচলা ও সাংগঠনিক দক্ষতা
১৯৮৮ সালে পৈতৃক নিবাস বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে পদার্পণ করেন তারেক রহমান। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য নির্বাচিত হন।
এর আগে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গঠনে তিনি নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে তিনি বেগম খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পাঁচটি আসনের নির্বাচনী প্রচার কার্যক্রম সফলভাবে সমন্বয় করেন। পাঁচটি আসনেই খালেদা জিয়ার বিপুল বিজয় একজন বিচক্ষণ ও সুপরিকল্পিত সংগঠক হিসেবে তারেক রহমানের যোগ্যতা প্রমাণ করে, যা পরবর্তীতে দলের শীর্ষ নেতৃত্বে তাঁর অবস্থান সুদৃঢ় করার পথ প্রশস্ত করে।
নির্বাসিত জীবন ও রাজসিক প্রত্যাবর্তন
সেনাসমর্থিত এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে চরম রাজনৈতিক নিপীড়ন ও একাধিক মামলার শিকার হন তারেক রহমান। শারীরিক নির্যাতনের পর তৎকালীন সরকার তাঁকে লন্ডনে পাঠিয়ে দেয়।
দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর বীরের বেশে দেশে ফেরেন তিনি। সেদিন প্রিয় নেতাকে একনজর দেখতে ও বরণ করে নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত লাখো জনতার ঢল নেমেছিল।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ
দেশে ফেরার পর চলতি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি আসনেই বিপুল ভোটে জয়লাভ করেন। নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করলে তাঁর নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। গত ১৭ ফেব্রুয়ারি দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান।
জন্মদিনের কর্মসূচি
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের ৬২তম জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার বাদ জুমা রাজধানীর উত্তর বারিধারার গুলশানস্থ কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা ও এতিমখানায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। দোয়া শেষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হবে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করবেন বলে জানা গেছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages