![]() |
| গ্রেপ্তারকৃত কৃষক লীগ নেতা মমতাজ উদ্দিন মোন্তাজ |
সাভার প্রতিনিধি :
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন চলাকালে ঢাকা জেলা উত্তর কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. মমতাজ উদ্দিন মোন্তাজকে শনাক্ত করে পুলিশের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়।
![]() |
| সাবেক প্রতিমন্ত্রী ডঃ এনামুর রহমানের সাথে মমতাজ |
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে 'জাতীয় ওলামা কল্যাণ পরিষদ'-এর উদ্যোগে একটি সংবাদ সম্মেলন চলছিল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সংবাদ সম্মেলন চলাকালে উপস্থিত এক কর্মী মোন্তাজের অতীত রাজনৈতিক পরিচয় ও কর্মকাণ্ডের রেকর্ড তুলে ধরে রাশেদ খাঁনকে বিষয়টি অবহিত করেন। শুরুতে মোন্তাজ বিষয়টি বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তার বিরুদ্ধে থাকা সকল প্রমাণাদি যাচাই-বাছাই শেষে রাশেদ খাঁন তাৎক্ষণিকভাবে তাকে আটক করে নিজের নিরাপত্তায় নিয়োজিত শাহবাগ থানা পুলিশের হাতে সোপর্দ করেন।
![]() |
| সাবেক খাদ্য মন্ত্রী এডভোকেট কামরুল ইসলামের সাথে মমতাজ |
![]() |
| ঢাকা জেলা উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমর এর সাথে |
অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর মোন্তাজ নিজের রাজনৈতিক পরিচয় আড়াল করে বিএনপিতে ভেড়ার চেষ্টা করেন। সেখানে সুবিধা করতে না পেরে পরবর্তীতে তিনি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদে যোগ দেন। স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, অর্থের বিনিময়ে গণঅধিকার পরিষদের আশুলিয়া থানা কমিটির নেতারা তাকে দলীয় পদ দিয়েছিলেন। উল্লেখ্য, মোন্তাজের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে একাধিক হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে।
![]() |
| মোন্তাজ কে আটক করে পুলিশে দেওয়ার সময় ধারণকৃত ছবি |
এ বিষয়ে বক্তব্য জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। অন্যদিকে, অর্থের বিনিময়ে দলীয় পদ দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে গণঅধিকার পরিষদের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক হালিম মাস্টারের মুঠোফোনে বারবার কল করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।




