নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলার মাসিক কল্যাণ সভায় (জুলাই মাসের) পারফরম্যান্স মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম-সেবা। এর আগে মে মাসের পারফরম্যান্স মূল্যায়নেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।
বুধবার (১৯ আগস্ট) ঢাকা জেলার মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। সভায় জেলার বিভিন্ন থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, মামলা তদন্ত, আসামি গ্রেপ্তার ও উদ্ধার কার্যক্রমসহ বিভিন্ন সূচকে পারফরম্যান্স মূল্যায়ন করা হয়।
মূল্যায়নে আশুলিয়া থানার সার্বিক কার্যক্রম বিবেচনায় ওসি মোহাম্মদ তরিকুল ইসলামকে জুলাই মাসের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। পরে পুলিশ সুপার শামীমা পারভীনের কাছ থেকে তিনি সম্মাননা স্মারক গ্রহণ করেন।
পরপর দুই দফায় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় আশুলিয়া থানার পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
ওসি তরিকুল ইসলাম বলেন, এ অর্জন আশুলিয়া থানার সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্টদের মতে, একটি থানার পারফরম্যান্স শুধু গ্রেপ্তার বা উদ্ধার অভিযানের সংখ্যায় সীমাবদ্ধ নয়; অপরাধ প্রতিরোধ, মামলা তদন্তের মান, দ্রুত পুলিশি সেবা, জনসম্পৃক্ততা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়গুলোও এর সঙ্গে সম্পৃক্ত। সে বিবেচনায় একই বছরে দুই দফায় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়া আশুলিয়া থানার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।
