অনলাইন ডেস্ক :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহরিয়ার ওরফে অপ্রতিমকে হত্যার ঘটনায় তুহিন, আনাস ও ফাহিম নামে তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম।
পুলিশ জানায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তুহিনকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় অপ্রতিমের সঙ্গে তুহিনকে দেখা গেছে। ফুটেজ অনুযায়ী, তারা দুজন প্রায় এক ঘণ্টা ক্যাম্পাস এলাকায় অবস্থান করেছিলেন।
এরপর সন্ধ্যা ৭টার দিকে আনাসকে আটক করা হয়। এর প্রায় আধা ঘণ্টা পর, সাড়ে ৭টার দিকে ফাহিম নামের আরও একজনকে আটক করে পুলিশ।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ‘সন্দেহভাজন তুহিন, আনাস ও ফাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে।’
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় কিশোর অপ্রতিম। এরপর থেকে তাকে খুঁজতে পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ প্রশাসনের সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালান।
প্রায় ২১ ঘণ্টা ধরে খোঁজার পর শনিবার দুপুরে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। এরপর তার মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। এরই মধ্যে সিসিটিভি ফুটেজে অপ্রতিমের সঙ্গে তুহিনকে দেখা যাওয়ার তথ্য সামনে আসে। পরে একে একে তুহিন, আনাস ও ফাহিমকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সালমানপুর এলাকায় তুহিনের বাড়িতে অভিযান চালিয়ে অপ্রতীমের আইফোন উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়ার সময় অপ্রতীম তার মায়ের ফোনটি সঙ্গে নিয়ে বের হয়েছিল।
