অ্যান্ড্রয়েড ১৭ উন্মোচন করল গুগল, এক নজরে দেখে নিন মূল ফিচারসমূহ - Meghna News 24bd

সর্বশেষ


Thursday, June 18, 2026

অ্যান্ড্রয়েড ১৭ উন্মোচন করল গুগল, এক নজরে দেখে নিন মূল ফিচারসমূহ



প্রযুক্তি ডেস্ক:

স্মার্টফোন ব্যবহারে ‘আরও ভালো অভিজ্ঞতা’ দিতে নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৭ উন্মোচন করেছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল।

বরাবরের মতোই গুগলের নিজস্ব পিক্সেল ডিভাইসগুলো সবার আগে নতুন মোবাইল অপারেটিং সিস্টেম পাচ্ছে, আর বছরের বাকি সময়ে তা ধাপে ধাপে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনেও পৌঁছে যাবে।

বুধবার উন্মোচিত নতুন অপারেটিং সিস্টেমে ফোল্ডএবল ফোনের জন্য বিশেষ গেইমিং মোড ও ‘বাবল’ মাল্টিটাস্কিং ফিচার চালু করেছে গুগল।

পাশাপাশি, গুগলের একদম নতুন ‘কনটেক্সট-অ্যাওয়ার’ বা পরিস্থিতি সচেতন এআই সিস্টেম ‘জেমিনাই ইন্টেলিজেন্স’ও গ্রীষ্মে নির্বাচিত কিছু প্রিমিয়াম ডিভাইসে আসতে চলেছে, যা ব্যবহারকারীর হয়ে একাধিক ধাপের জটিল কাজ নিজে থেকেই করবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।


অ্যান্ড্রয়েড ১৭-তে যেসব ফিচার রয়েছে তার মধ্যে অন্যতম ‘বাবলস’। এ ফিচারের মাধ্যমে যে কোনো অ্যাপকে ‘ফ্লোটিং উইন্ডো’ বা ভাসমান এক উইন্ডোতে রূপান্তর করা যাবে, যাতে ব্যবহারকারী একইসঙ্গে অন্য দুটি অ্যাপের তথ্যও স্ক্রিনে দেখতে পারেন।


যে কোনো অ্যাপ আইকনের ওপর কিছুক্ষণ চেপে ধরে রাখলেই তা ‘বাবল’-এ পরিণত হবে ও অন্যান্য অ্যাপের ওপর ভাসতে থাকবে।


স্যামসাং গ্যালাক্সি ফোল্ড ও গুগল পিক্সেল ১০ প্রো ফোল্ডের মতো বড় স্ক্রিনের বিভিন্ন ডিভাইসে স্ক্রিনের একদম নিচে একটি নির্দিষ্ট ‘বাবল বার’ দেখা যাবে।


ব্যবহারকারীর খোলা বিভিন্ন বাবল এখানেই জমা থাকবে এবং কেবল এক ট্যাপেই এক অ্যাপ থেকে অন্য অ্যাপে চলে যেতে পারবেন। বাবল বার থেকে বিভিন্ন বাবলের সাইজ ছোট-বড় করা বা সেগুলোকে ফুল স্ক্রিন মোডেও নিয়ে যাওয়া যাবে।


গুগলের আপডেটেড স্ক্রিন রেকর্ডিং টুলে এখন যোগ হয়েছে ‘স্ক্রিন রিঅ্যাকশনস’ ফিচার। যার মাধ্যমে ব্যবহারকারী ফোনের সামনের সেলফি ক্যামেরা দিয়ে নিজের ভিডিও রেকর্ড করার পাশাপাশি একই সময়ে ফোনের স্ক্রিনও ক্যাপচার করতে পারবেন।


এ ফিচারের ফলে যে কোনো ওয়েবসাইট, অ্যাপ বা অন্য কোনো ভিডিওর ওপর রিঅ্যাকশন ভিডিও তৈরি করা এখন আরও সহজ হবে। এজন্য বারবার অ্যাপ পরিবর্তনের কোনো প্রয়োজনই পড়বে না। টিকটক, ইনস্টাগ্রাম বা ফেইসবুকের জন্য ঝটপট ভিডিও তৈরির উদ্দেশ্যেই ফিচারটি ডিজাইন করেছে গুগল।

ব্যবহারকারীর কাছে যদি গ্যালাক্সি ফোল্ড বা পিক্সেল ১০ প্রো ফোল্ডের মতো ফোন থাকে তবে অ্যান্ড্রয়েড ১৭ এর নতুন ‘ফোল্ডএবল গেইমিং মোড’ নিশ্চিত করবে যেন তার স্ক্রিনের কোনো অংশই বৃথা না যায়।

এ নতুন মোডে অপ্টিমাইজড ৫০/৫০ লেআউট আনা হয়েছে, যার ফলে স্ক্রিনের ওপরের অংশে গেইমের মূল দৃশ্য দেখা যাবে ও নিচের অংশে থাকবে ভার্চুয়াল গেইমপ্যাড।

কেউ যদি অন-স্ক্রিন কন্ট্রোলারের বদলে বাইরের কোনো এক্সটার্নাল কন্ট্রোলার ব্যবহার করেন তবে ‘নেটিভ কন্ট্রোলার রিম্যাপিং’ ফিচারের সাহায্যে গেইমের ভিউ বা দৃশ্যটি নিজের পছন্দমতো আরও সুন্দরভাবে সাজিয়ে নেওয়া যাবে।

পাশাপাশি, এইচডি গেইমিংয়ের সময় গেইম ল্যাগ বা ফ্রেম ড্রপ কমানোর জন্য এবার মেমোরি ক্লিনআপ বা র‍্যাম ম্যানেজমেন্টকে আরও অনেক বেশি উন্নত ও কার্যকর করেছে গুগল।

অ্যান্ড্রয়েড ১৭-এ বেশ কিছু নতুন নিরাপত্তা ও সুরক্ষা ফিচারও যোগ করেছে মার্কিন সার্চ জায়ান্টটি। এখন থেকে যে কোনো অ্যাপকে সার্বক্ষণিক লোকেশন ট্র্যাক করার অনুমতি না দিয়ে কেবল সাময়িকভাবে লোকেশনের অ্যাক্সেস দিতে পারবেন ব্যবহারকারীরা।

একইভাবে, অ্যাপের সঙ্গে পুরো কন্টাক্ট লিস্ট শেয়ার না করে কেবল নির্দিষ্ট কিছু কন্টাক্ট নম্বর শেয়ারের সুবিধাও থাকছে। গুগলের ‘ফাইন্ড মাই ডিভাইস’ টুলের নতুন নাম ‘ফাইন্ড হাব’, যেখানে যোগ হয়েছে আরও উন্নত ‘মার্ক অ্যাজ লস্ট’ ফিচার।

এর মাধ্যমে ফোন হারিয়ে গেলে দূর থেকেই বায়োমেট্রিক লক সক্রিয় করে ফোনটি লক করে দেওয়া যাবে। ফলে চোর যদি কোনোভাবে কারো পাসকোড জেনেও যায় তা-ও ফোন আনলক করতে পারবে না।

পাশাপাশি, সন্দেহজনক অ্যাপ ব্লকের জন্য গুগল তাদের ‘লাইভ থ্রেট ডিটেকশন’ ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। পিন নম্বর ভুল টাইপের সুযোগও কমানো হয়েছে এবং পরপর কয়েকবার ভুল পিন দিলে পরবর্তী চেষ্টার জন্য অপেক্ষার সময়কাল বা ওয়েট টাইম আরও বাড়িয়েছে গুগল।

অ্যান্ড্রয়েড ১৭-এর পাশাপাশি পিক্সেল ডিভাইসগুলোর জন্যও বেশ কিছু দরকারি টুল এনেছে গুগল। জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন ও ইতালিতে থাকা পিক্সেল ১০ প্রো, পিক্সেল ১০ প্রো এক্সএল, পিক্সেল ১০ প্রো ফোল্ড ও পিক্সেল ১০এ ডিভাইসগুলোতে এখন ‘কনভারসেশনাল এডিটিং’ ফিচারটি ব্যবহার করা যাবে।

এসব ফিচারের সাহায্যে ডিভাইসের সঙ্গে সাধারণ কথাবার্তার মাধ্যমেই ছবির ছোটখাটো টাচ-আপ থেকে শুরু করে জটিল সব এডিটিং সহজেই করে নেওয়া যাবে।

এ ছাড়া গুগলের মিড-রেঞ্জ লাইনের একদম নতুন ফোন ‘পিক্সেল ১০এ’তে যোগ হচ্ছে ‘ভয়েস ট্রান্সলেট’ ফিচার, যা কলদাতার গলার স্বর হুবহু ধরে রেখেই তার কথা অনুবাদ করে দেবে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages