সাভার(ঢাকা) প্রতিনিধি :
সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমিয়ে একটি নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও মানবিক সড়ক ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়ে নতুন নেতৃত্ব নিয়ে যাত্রা শুরু করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার উপজেলা শাখা।
রবিবার (১৪ জুন) বিকেল ৪টায় সাভার উপজেলার বিআরডিবি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় নিসচা সাভার উপজেলা শাখার ৩য় দ্বিবার্ষিক (২০২৬-২০২৭) মেয়াদের নতুন কমিটি ঘোষণা, ঈদ পুনর্মিলনী এবং সংগঠনের কেন্দ্রীয় মহাসচিবের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন নিসচা সাভার উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান। শোক প্রস্তাব পাঠ করেন সাংগঠনিক সম্পাদক হাফিজ মাহমুদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অমর চাঁদ মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা সাভার উপজেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য, স্বর্ণপদকপ্রাপ্ত বিদ্যুৎসাহী সমাজকর্মী এবং দূপ্রক ও সনাক সাভার উপজেলা শাখার সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নঈম; সাভার সিটিজেন ক্লাবের সভাপতি ও এম কে গ্রুপের চেয়ারম্যান ড. মোঃ কামরুজ্জামান লিটন; সাভার সিটিজেন ক্লাবের সেক্রেটারি জেনারেল, মোটিভেশনাল স্পিকার, লেখক ও আইনজীবী লায়ন মোঃ আলমগীর কবিরসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা সাভার উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ শাহীন মিয়া, মোঃ শহীদুল ইসলাম শহীদ, মির্জা মোঃ এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক মোঃ মজনু, অর্থ সম্পাদক মির্জা মারুফ, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক বাবুল মোড়ল, দপ্তর সম্পাদক মির্জা মাহামুদুল হাসান সৈকত, প্রচার সম্পাদক মোঃ নাজমুল হুদা শাহীন, প্রকাশনা সম্পাদক মোঃ জাভেদ, আইন বিষয়ক সম্পাদক মনি মুক্তা ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া আক্তার সনি, যুব বিষয়ক সম্পাদক সেঁজুতি হোসাইন এবং কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ।
বক্তব্যে প্রধান অতিথি মোঃ সাইফুল ইসলাম বলেন, “সড়ক দুর্ঘটনা শুধু একটি পরিসংখ্যান নয়, এটি একটি পরিবারের স্বপ্নভঙ্গের গল্প। দুর্ঘটনা প্রতিরোধে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে, তবে কেবল আইন প্রয়োগ নয়, জনসচেতনতা এবং সামাজিক দায়িত্ববোধও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ সড়ক গড়তে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
বক্তারা বলেন, বাংলাদেশের সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সমাজ, গণমাধ্যম, পরিবহন মালিক-শ্রমিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বিত ভূমিকা প্রয়োজন। এ ক্ষেত্রে নিসচা দীর্ঘদিন ধরে জনসচেতনতা সৃষ্টি, ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নিরাপদ সড়ক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানের এক পর্যায়ে নিসচা কেন্দ্রীয় মহাসচিবের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে ৩৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে ইসমাইল হোসেনকে তৃতীয়বারের মতো সভাপতি এবং মোঃ আজিজুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি ইসমাইল হোসেন বলেন, “এ দায়িত্ব আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি সাভারের প্রতিটি সড়কযোদ্ধার সম্মিলিত স্বীকৃতি। আমরা চাই এমন একটি সমাজ, যেখানে কোনো পরিবার সড়ক দুর্ঘটনায় তাদের প্রিয়জনকে হারাবে না।”
সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান বলেন, “নতুন কমিটি সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম সম্প্রসারণ এবং প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ জোরদার করার মাধ্যমে নিরাপদ সড়ক আন্দোলনকে আরও বেগবান করবে।”
নতুন নেতৃত্বের মাধ্যমে সাভারে নিরাপদ সড়ক আন্দোলন আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা।
