সাভার (ঢাকা) প্রতিনিধি :
সাভারে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (১০ মে) সন্ধ্যায় সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন সুমন, জাহিদ ও সবুজ।
র্যাব জানায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় র্যাবে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় আটককৃতদের কাছ থেকে একটি পিস্তল, তিনটি ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৪, সিপিসি-২ এর কম্পানি কমান্ডার শাহীনুর কবির আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি পিস্তল, তিনটি ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দ্রুত পুলিশের কাছে হস্তান্তর করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।
