আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকা জেলার আশুলিয়া ও সাভার এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর-এর পৃথক পৃথক বিশেষ অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ডিবি পুলিশের একাধিক টিম গঠন করে ৩০ এপ্রিল ২০২৬ তারিখে আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
প্রথম অভিযানে বিকেল আনুমানিক ৫টা ৫ মিনিটে আশুলিয়া থানাধীন ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে নাঈম ইসলাম (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২৪ হাজার টাকা।
অপরদিকে, একই দিন রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে আশুলিয়া থানাধীন পুরাতন ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে মোঃ আল আমিন ভূঁইয়া (২২) নামে আরেক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
এছাড়াও রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটে সাভার থানাধীন যাদুরচর এলাকায় অভিযান চালিয়ে মোঃ ফরহাদ হোসেন (২৪) নামে আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ফরহাদ হোসেনের বিরুদ্ধে পূর্বে একটি মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
