স্পোর্টস ডেস্ক :
মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর আয়োজনে আগামী জুনেই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টের যেখানে দুই মাসও বাকি নেই, তখনই যুক্তরাষ্ট্রে মামলা হলো বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসির নামে।
মায়ামির ভিদ মিউজিক গ্রুপ গত মাসে মিয়ামি-ডেড সার্কিট কোর্টে মেসি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা করে বলে আদালতের নথিতে জানা গেছে। ওই ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান অভিযোগ করেছে, গত বছর একটি প্রীতি ম্যাচে না খেলে তিনি ৭ মিলিয়ন ডলারের চুক্তির শর্ত ভঙ্গ করেছেন। খবর ইএসপিএন-এর।
অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটি আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ; ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে আয়োজন ও প্রচারের একচ্ছত্র অধিকার পেতে প্রায় ৭ মিলিয়ন ডলার প্রদান করে। চুক্তি অনুযায়ী, মেসির প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট খেলার কথা ছিল, যদি না তিনি ইনজুরি আক্রান্ত হন।
তবে গত ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসি মাঠে নামেননি; বরং স্টেডিয়ামের একটি স্যুট থেকে খেলা দেখেন। অথচ পরদিনই তিনি তার ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলেন এবং দুটি গোলও করেন, যা মামলায় প্রশ্নের জন্ম দিয়েছে।
পরে ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচে তিনি খেলেন। তবে এই ম্যাচটি মূলত শিকাগোতে হওয়ার কথা থাকলেও কম টিকিট বিক্রি ও অন্যান্য কারণে স্থান পরিবর্তন করে ফ্লোরিডায় নেয়া হয়, যার ফলে আয়োজকদের আর্থিক ক্ষতি আরও বেড়ে যায়।
ভিদ মিউজিক গ্রুপ দাবি করেছে, একটি ম্যাচে মেসির অনুপস্থিতি এবং অন্য ম্যাচে কম টিকিট বিক্রির কারণে তারা মিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে। যদিও মামলায় নির্দিষ্ট ক্ষতিপূরণের পরিমাণ উল্লেখ করা হয়নি।
এদিকে, মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
