মাদকের টাকার জন্য ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু,ছেলে আটক - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, April 15, 2026

মাদকের টাকার জন্য ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু,ছেলে আটক



অনলাইন ডেস্ক :

রাজধানীর ডেমরায় ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার বিকালে (১৪ এপ্রিল) নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পশ্চিমগাঁও এলাকা থেকে ছেলে মো. নুর হোসেনকে (১৬) গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ। 

এর আগে সোমবার (১৩ এপ্রিল) ডেমরা উত্তর বাজার জামে মসজিদের পাশে আব্দুল বাতেনের ভাড়া বাড়িতে মো. ইসরাফিল (৫৫) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।  ইসরাফিল নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন সুতালারা গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।

ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে। পরে সোমবার বিকালে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

এ বিষয়ে মৃতের স্ত্রী ছুরিয়া (৪৫) সোমবার রাতে ডেমরা থানায় তার ছেলে নুর হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পুলিশ ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে ছুরিয়া তার স্বামীর সঙ্গে ডেমরা উত্তর বাজার এলাকায় বসবাস করতেন। গত সোমবার ভোরে ইসরাফিল তার স্ত্রী ছুরিয়ার কাছে মাদকের জন্য ৫০০ টাকা চাইলে তিনি দিতে অস্বীকার করেন। এ সময় ইসরাফিল ছুরি নিয়ে তার স্ত্রীকে মারতে আসেন।

এ ঘটনায় তাদের মধ্যে তুমুল বাগবিতণ্ডা শুরু হলে ছেলে নুর হোসেনও বাবার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং বাবার হাতে থাকা ছুরি নিয়ে নেয়। একপর্যায়ে নুর হোসেন উত্তেজিত হয়ে বাবার বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই ইসরাফিলের মৃত্যু হয়।

পরিবারের দাবি, ইসরাফিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তিনি প্রায়ই টাকার জন্য পরিবারে অশান্তি সৃষ্টি করতেন এবং স্ত্রী-সন্তানদের ওপর চাপ সৃষ্টি করতেন।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ বলেন, নুর হোসেনকে রূপগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages