রাজধানী ঢাকার ফুটপাতে উচ্ছেদ অভিযান, ২৩ জনের সাজা - Meghna News 24bd

সর্বশেষ


Monday, April 13, 2026

রাজধানী ঢাকার ফুটপাতে উচ্ছেদ অভিযান, ২৩ জনের সাজা

 

সংগ্রহিত ছবি

নিজস্ব প্রতিনিধি :

রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে দিনভর সমন্বিত বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বুধবার (১ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে এক লাখ ৯২ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ট্রাফিকের ৮টি বিভাগ একযোগে এই অভিযানে নামে। অভিযানে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ, মালামাল জব্দ এবং সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলা দেয়া হয়।

অভিযানে সবচেয়ে বেশি কড়াকড়ি দেখা গেছে লালবাগ ও মতিঝিল এলাকায়। ডিএমপির ট্রাফিক বিভাগগুলোর তথ্যানুযায়ী কোতোয়ালি ট্রাফিক জোনের গোয়ালঘাট-নারিন্দা এলাকায় আইন অমান্য করায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, মতিঝিল বিভাগে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত অভিযানে ১০ জনকে গ্রেপ্তার ও ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

মগবাজার-বাংলামটর এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে ১৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি তিন পিকআপ মালামাল জব্দ করে পুলিশ। মিরপুর বিভাগে পল্লবী ও কাজীপাড়া এলাকায় ৬ ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

যাত্রাবাড়ী এলাকায় উচ্ছেদ অভিযানে ৭ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। গুলশান এলাকায় অবৈধভাবে ফুটপাত দখলের দায়ে ২৭ হাজার টাকা জরিমানা ও ৫০টি দোকানকে সতর্ক করা হয়েছে। ইন্দিরা রোড এলাকায় ফুটপাত থেকে অবৈধ মালামাল অপসারণ করা হয়েছে। উত্তরা এলাকায় দোকানদারদের মৌখিকভাবে সতর্ক করে ফুটপাত ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় ট্রাফিক পুলিশ।

পুলিশ জানিয়েছে, অভিযানে মোট ২৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ভিডিও মামলা ও তাৎক্ষণিক মামলাও দেয়া হয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages