সাভার প্রতিনিধি :
সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। কয়েক কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহনচালকেরা।
আজ বুধবার (৪ নভেম্বর) সকালে হেমায়েতপুর এলাকায় মহাসড়কের উভয়মুখী লেন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এ সময় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন তারা।
শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা থেকে আরিচাগামী এবং আরিচা থেকে ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু শ্রমিক অভিযোগ করেন তাদের এই আন্দোলনের সাথে হেমায়েতপুরের নিষিদ্ধ আওয়ামী লীগের সাভার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব ও ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফখরুল আলম সমর এর গ্রুপের লোকজন জড়িত হয়ে হেমায়েতপুরের একেএইচ সহ বিভিন্ন কারখানায় হামলা চালিয়েছে।
