আশুলিয়ায় ৩৫ লাখ টাকার ১৩৭ কেজি গাঁজার বিশাল চালান উদ্ধার, গ্রেফতার ২ - Meghna News 24bd

সর্বশেষ


Wednesday, October 7, 2026

আশুলিয়ায় ৩৫ লাখ টাকার ১৩৭ কেজি গাঁজার বিশাল চালান উদ্ধার, গ্রেফতার ২

 


সাভার প্রতিনিধি :

আশুলিয়ায় বিপুল পরিমাণ গাঁজার চালানসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪। অভিযানে তাদের কাছ থেকে ১৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩৪ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে সংস্থাটি। 

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের বগাবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (৭ অক্টোবর) বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক।

গ্রেপ্তার দুজন হলেন- মো. শাহিন আলম (২৩) ও মো. বাবুল (৩২)।

এসআরবি-৪ সূত্র জানায়, কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হকের নেতৃত্বে সহকারী পুলিশ সুপার ফয়েজ সারজিল, স্কোয়াড কমান্ডার হালিউজ্জামানসহ সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল বগাবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে- এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। একপর্যায়ে শাহিন আলম ও বাবুলকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসআরবি-৪ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে আশুলিয়ায় এনে মজুদ করার কথা স্বীকার করেছে। পরবর্তী সময়ে তারা আশুলিয়া, সাভার, ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে এসব গাঁজা সরবরাহ করত বলে জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, একসঙ্গে ১৩৭ কেজি গাঁজা উদ্ধারের ঘটনাটি স্থানীয় মাদক সরবরাহ ব্যবস্থার একটি বড় চালানের ইঙ্গিত দিচ্ছে। এই চালানের উৎস, অর্থের জোগানদাতা, পরিবহনব্যবস্থা এবং এর সঙ্গে জড়িত অন্য মাদক কারবারিদের শনাক্ত করতে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে তাদের পেছনে কোনো সংঘবদ্ধ মাদকচক্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এসআরবি-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩৭ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মাদক সংগ্রহ ও সরবরাহের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার শাহিন আলম ও বাবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই এসআরবি কর্মকর্তা।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages