কুমিল্লা জেলা প্রতিনিধি :
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিগত দিনের ফ্যাসিবাদ চরিত্রের বর্ণনা দিয়ে বলেছেন, ‘গুম, খুন, অপহরণ, আয়নাঘর, জেল-জুলুম, মিথ্যা মামলা ও জনদুর্ভোগ সৃষ্টি’ হচ্ছে আওয়ামী লীগের ঐতিহ্য।
তিনি বলেন, আওয়ামী লীগের কাছে আইনের শাসন, জনজীবনে স্বাচ্ছন্দ্য এবং জানমালের নিরাপত্তা আশা করা তুচ্ছ, গুরুত্বহীন। দেশের মানুষ শান্তি ও নিরাপদে থাকুক, ফ্যাসিস্ট আওয়ামী লীগ কখনই তা চায় না। জনগণকে দুর্ভোগে ফেলে তারা আনন্দ উপভোগ করে। এটা হলো আওয়ামী লীগের চরিত্র।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্টেশনে ছাত্রদল নেতা সাইফুল ইসলামের ৬ষ্ঠ গুম দিবসে ‘তার সন্ধান ও গুমে জড়িতদের গ্রেফতার’ দাবিতে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মারুফ বলেন, গত ৭ মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দেশ দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় জনগণ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে। দেশের মানুষ ভালো থাকলে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের সহ্য হয় না। দেশ এখন স্থিতিশীল থাকায় আওয়ামী ফ্যাসিস্টরা কুকর্ম করার চিন্তায় অস্থির হয়ে উঠেছে। নানা হুমকি-ধমকি দিচ্ছে। দেশের শান্তিপ্রিয় জনগণ আওয়ামী লীগের সব ষড়যন্ত্র, সহিংসতার অপচেষ্টা নস্যাৎ করে দিবে, ইনশাআল্লাহ।
ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী
তিনি জনগণের জানমাল এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও অশুভ তৎপরতা মোকাবিলার জন্য ঐক্যবদ্ধ বীর যোদ্ধা হয়ে মাঠে থাকতে তৃণমূল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
গুমের শিকার সাইফুলের পরিবার এই প্রতিবাদ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম।
আরও উপস্থিত ছিলেন, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত আলী, বাংলাদেশ মানবাধিকার সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মঞ্জুর হোসেন ঈসা, দাউদকান্দি উপজেলা বিএনপি নেতা এমএ লতিফ ভূঁইয়া, ভিপি জাহাঙ্গীর আলম, জসিমউদ্দিন আহমেদ, এনামুল হক সফর তালুকদার, গুম সাইফুলের বড় ভাই মো. জহিরুল ইসলাম, ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া, আরিফ মাহামুদ, মো. সালাউদ্দিন ভূঁইয়া, শরীফ চৌধুরী, রোমান খন্দকার, আসিফ কবির, আবদুল বাসেদ ও লিমন খন্দকার প্রমুখ।
