কুমিল্লা জেলা প্রতিনিধি :
কুমিল্লা জেলার লাকসামে প্রায় চার শতাধিক শিশুকে বিনামূল্যে সুন্নতে খৎনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হয়।
ডা. তারেকুল ইসলামের নেতৃত্বে ১২৩টি বুথে অর্ধশত অভিজ্ঞ টেকনিশিয়ান ডিজিটাল ডিভাইসের মাধ্যমে এ সেবা দেন। দিনব্যাপী সুন্নতে খৎনা সেবা নিতে আসা শিশু, অভিভাবক ও বিপুল সংখ্যক জনসাধারণের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সুন্নতে খৎনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
লাকসাম পৌরসভা নির্বাচনে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী মুহাম্মদ বদিউল আলম সুজনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত সুন্নতে খৎনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।
লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ শহীদ উল্লাহর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি একেএম শাহআলম, সেক্রেটারি মাওলানা সাহাবুদ্দিন হায়দার, পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ নুরে আলম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা জানান, সামাজিক ও ধর্মীয় দায়িত্ববোধ থেকে এলাকার শিশুদের বিনামূল্যে সুন্নতে খৎনা সেবা দেওয়ার উদ্দেশে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বুথের মাধ্যমে অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা ডিভাইস ও কসমেটিক সার্জারি পদ্ধতিতে সুন্নতে খৎনা কার্যক্রম সম্পন্ন করা হয়। শিশুদের স্বাস্থ্যঝুঁকি কমাতে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় চিকিৎসা-ব্যবস্থা নিশ্চিত করে এ কর্মসূচি পরিচালনা করা হয়েছে। এ সময় শিশুদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
