কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে শিল্প ও বানিজ্য মেলার নামে অভিনব প্রতারণার মাধ্যমে অর্থ আত্বসাতের অভিযোগ পাওয়া গেছে। গত পাঁচ দিন ধরে লাপাত্তা মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতারক মোহাম্মদ মাহবুব আলম। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে মেলার মালামাল আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
লাপাত্তা হওয়া শিল্প ও বানিজ্য মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মোহাম্মদ মাহবুব আলম কালিয়াকৈর উপজেলার বড় গোবিন্দাপুর এলাকার মৃত শহিদুল হকের ছেলে।
এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার, মেলা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মাকিষবাথান এলাকায় কালিয়াকৈর হাইটেক মডেল টাউন মাঠে শিল্প ও বানিজ্য মেলা অনুষ্ঠিত হয়। এসআরটিসি সৈয়দুর ট্রেডিং কোম্পানির আয়োজনে গত ২৮মে থেকে শুরু হয়ে ২৮ জুন পর্যন্ত এক মাস ব্যাপী মেলাটি চলে। আর এসুযোগে মেলার মোটা অংকের লভ্যাংশ ভাগ করে দেওয়ার কথা বলে বেশ কয়েকজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মোহাম্মদ মাহবুব আলম। গত ২৫ জুন রাত ৮টার পর থেকে তিনি লাপাত্তা হয়ে যান। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। এদিকে তার লাপাত্তা হওয়ার খবর ছড়িয়ে পড়লে হতাশাগ্রস্থ হয়ে পড়েন অর্থ লেনদেন কারী ভুক্তভোগীরা। এ ঘটনায় ভুক্তভোগী খোকন মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্নসাতের অভিযোগে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এছাড়াও মৌখিকভাবে থানায় অবগত করেছেন প্রতারণার শিকার একাধিক ভুক্তভোগী পরিবার। এসব অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সম্প্রতি সমাপ্ত হওয়ার পর মেলার বিভিন্ন মালামাল আটক করে পুলিশ। এসময় মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মাহবুবের লাপাত্তা হওয়ার বিষয়টি জানিয়েছেন তার ছোট বোন জামাই ও মেলার দোকানদার সোহেল রানা। তার দাবী, তিনিও মাহবুবের কাছে টাকা পান। তবে তার মালামাল আটক না করার দাবীও জানিয়েছেন দোকানদার সোহেল। শুধু সোহেলই নন, তার মতো আরো দোকানদাররাও মেলা কর্তৃপক্ষের কাছে টাকা পাওনা। সেই টাকাও ফেরত চান মেলার ভুক্তভোগী দোকানদাররাও।
ভুক্তভোগী খোকন মিয়া বলেন, মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মাহবুব লভ্যাংশসহ টাকা ফেরত দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৩ লক্ষ টাকা নিয়েছেন। শুধু আমারই নয়, তিনি প্রতারণার মাধ্যমে আমার মতো অনেকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু মেলা শেষ হওয়ার আগেই তিনি লাপাত্তা হয়ে যান। তাই টাকা ফেরতের আশায় থানায় অভিযোগ দিয়েছি। পরে পুলিশ সদ্য সমাপ্ত মেলাস্থলে গিয়ে মালামাল আটক রেখেছে।
এ বিষয়ে শিল্প ও বানিজ্য মেলার আয়োজক ও এসআরটিসি সৈয়দুর রহমান ট্রেডিং কোম্পানির মালিক সৈয়দুর রহমান জানান, সুনামের সাথে ৪৩ বছর ধরে মেলার আয়োজন করে আসছি। আর মাহবুব বিভিন্ন মেলার মাইকিং করতেন। বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়ে তার লাপাত্তার খবর এ মেলার ম্যানেজার নাজমুল আমাকে জানিয়েছেন। কিন্তু কিসের ভিত্তিতে তাকে লোকজন টাকা দিয়েছেন? সেটা আমার জানা নেই। আমি নিজেও তার কাছে ৬ লক্ষ টাকা পাই। তবে প্রতারণার শিকার সবাই আইনি ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন তিনি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
