রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর চারঘাট উপজেলায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সরদহ রেলস্টেশনে এই ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী জানায়, ট্রেনে পপকর্ন বিক্রি করে জীবিকা নির্বাহ করেন ওই দম্পতি। প্রতিদিনের মতো মঙ্গলবারও ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ‘ঢাকা মেইল’ ট্রেনে পপকর্ন বিক্রি শেষে তারা রাত প্রায় একটার দিকে সরদহ স্টেশনে নামেন। পরে স্টেশনসংলগ্ন একটি চায়ের দোকানে বসে বিস্কুট খাচ্ছিলেন তারা। এ সময় এক ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
হামলাকারী প্রথমে স্বামীকে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে এবং তাকে একটি পরিত্যক্ত দোকানের পাশে বেঁধে রাখে। এরপর তার স্ত্রীকে স্টেশনসংলগ্ন জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ সময় তাদের পপকর্ন বিক্রির টাকাও তারা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আজ চারঘাট মডেল থানায় একটি মামলা হয়েছে।
ভুক্তভোগী স্বামী জানান, তিনি চিৎকার করলে প্রায় ৪৫ মিনিট পর আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে তিনি জঙ্গল থেকে তার স্ত্রীকে উদ্ধার করেন। স্থানীয়দের মাধ্যমে অভিযুক্তের নাম আশরাফুল ইসলাম বলে জানতে পারেন। আশরাফুল চারঘাট উপজেলার হলিদাগাছী জাগিরপাড়া গ্রামের বাসিন্দা।
সরদহ স্টেশন মাস্টার ইকবাল কবির বলেন, রাতে যখন ঘটনাটি ঘটে তখন স্টেশনে তিনজন স্টাফ দায়িত্বে ছিলেন। তারা বিষয়টি পরে জেনেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
