আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ার ভাদাইলে বাসায় ঢুকে শারমিন মিতু নামের সংগীত শিল্পীকে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে ধামসোনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সানা (৪০) কে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার ভাদাইলের পবনারটেক এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে ৩১ জানুয়ারি ওই কণ্ঠশিল্পী শারমিন মিতু শ্লীলতাহানীর চেষ্টা ও মারধরের অভিযোগে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।
গ্রেফতার সানোয়ার হোসেন আশুলিয়ার পবনারটেক এলাকার মৃত সাফর আলীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই যুবলীগ নেতা গত ২৯ জানুয়ারি বিকেল ৪ টার দিকে যুবলীগ নেতা সানোয়ার ভুক্তভোগীর ভাড়া বাসায় প্রবেশ করে মারধর করে শ্লীলতাহানীর চেষ্টা চালায় এসময় ওই গৃহিনীর ডাক চিৎকারে পাশের ফ্ল্যাটের লোকজন এগিয়ে আসলে যুবলীগ নেতা সানোয়ার দ্রুত পালিয়ে যায় ।
এর পর ভুক্তভোগী ঐ নারী থানায় যেতে চাইলে যুবলীগ নেতা সানোয়ার তার পথ রোধ করে রিক্সা থেকে টেনে হিছড়ে নামিয়ে মারধর করে এবং তার বিষয়ে থানায় মামলা করলে খুন করে ফেলার হুমকী ও ভয়ভীতি দেখিয়ে বাসায় ফিরে যাবার নির্দেশ দেয়।
পরে কৌশলে ভুক্তভোগী ঐ নারী থানায় অভিযোগ দায়ের করলে আজ দুপুরে ওই যুবলীগ নেতাকে আটক করে পুলিশ।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক রিজাউল হক দিপু জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। এব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা
